নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের আইপিএলের শুরু থেকে যেন নিষ্প্রভ রশিদ খান, হায়দ্রাবাদের হয়ে খেলা এই স্পিনারকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিলো না, প্রথম ২ ম্যাচই রশিদ ছিলেন নীরবে, তবে ৩য় ম্যাচে এসে জ্বলে উঠলেন রশিদ খান। দলকে উপহার দিলেন প্রথম জয় । দলের প্রথম জয়ের দিনে জিতলেন ম্যাচ সেরা পুরস্কার এবং তা উতসর্গ করলেন মৃত বাবা মাকে।
বল হাতে দুর্দান্ত পারফর্ম দিয়েই ক্রিকেট পারায় নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন তিনি। কিন্তু জীবনের কঠিনতম মুহূর্তগুলো কম বয়সেই দেখতে হয়েছে তাকে। অল্প বয়সে বাবা মারা যাওয়ার পরে চলতি বছরে তার মাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দেড় বছরের মধ্যে বড় ধাক্কা খাওয়া রশিদ ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় তাদেরকে স্মরণ করেন।
ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় রশিদ বলেন, ‘দেড়টা বছর আমার জন্য খুবই কঠিন কেটেছে। প্রথম আমার বাবা বিদায় নিলেন, তারপর মা-ও চলে গেলেন। এই পুরস্কারটা তাদেরকেই উৎসর্গ করছি। এটা তাদের জন্যই।’
রশিদের মা আইপিএলে তার খেলা দেখার বড় ভক্ত ছিলেন বলে জানান রশিদ। তিনি বলেন, ‘মা আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন, বিশেষ করে আইপিএলে। যখন আমি ম্যাচ সেরা হতাম সেদিনই উনি সবসময় আমার সাথে এ নিয়ে কথা বলতেন। সেই রাতেই কথা বলতেন।’
এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে হারের পরে ৩য় ম্যাচে এসে দিল্লির বিপক্ষে জয়ের দেখা পেলো হায়দ্রাবাদ। প্রথম দুই ম্যাচে কোন উইকেট না পেলেও গতকাল ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রশিদ।
নিউজক্রিকেট/সুফিয়ান
