নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুর দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে দেখিয়েছেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে হার্ড হিটিং ব্যাটিংয়ে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
এবারের আইপিএলে দুই ম্যাচেই ১৫৯ রান করেছেন স্যামসন।
অনেকেই ধোনির সাথে তাকে তুলনা করছেন। পাঞ্জাবের সাথে ম্যাচে ৮৫ রার করার পর কেরালার কংগ্রেস সাংসদ শশী থারু টুইটারে ভূয়সী প্রশংসা করেন এই প্রতিভাবান ব্যাটসম্যানের। তিনি লিখেন, ‘রাজস্থান রয়্যালসের কাছে এটা এক অবিশ্বাস্য জয়! আমি বিগত এক দশক ধরে সঞ্জু স্যামসনকে চিনি। যখন তার মাত্র ১৪ বছর বয়স, আমি তখনই বলেছিলাম যে সে পরের এমএস ধোনি হবে। সেই দিনটি সামনে চলে এসেছে। তার পরপর দুটি অসাধারণ ইনিংসের পরে বোঝা যাচ্ছে যে ও বিশ্বমানের একজন খেলোয়াড়।’
এমন প্রশংসার পর মুখ খুলেছেন স্যামসন। তিনি জানিয়েছেন কেউ ধোনির মতো হতে পারবে না।
স্যামসন বলেন, ‘কেউ ধোনির মতো খেলতে পারবে না এবং কারো তার মতো খেলা উচিতও না। ধোনির মতো খেলা এতোটা সহজ না। সে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। তাই আমি কখনও ধোনির মতো খেলার কথা ভাবি না। আমি নিজের মতোই খেলতে চাই।’
নিউজক্রিকেট/শাওন
