নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু কোয়ারান্টাইন জটিলতার কারণে এই সিরিজ এখন হচ্ছনা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে নতুন সূচি চেয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
এই সিরিজ না হওয়াতে একটি ফাঁকা উইন্ডো পাওয়া গেছে। এই সময় বিসিবি নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে চায়। যেটা হতে পারে ৩-৪ দলের। এর সাথে পুনরায় চালু করা হবে সব ধরণের ঘরোয়া লিগ। শুরুটা এই নতুন টুর্নামেন্ট দিয়েই হতে পারে।
এই ব্যাপারে গণমাধ্যমকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘একটা কথা হয়েছে যে এমনও হতে পারে আমাদের জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব ১৯ ওদেরকে নিয়ে আমরা তিন-চারটি দল বানিয়ে ফেলতে পারি। এদের মধ্যে একটি প্রতিযোগিতা হতে পারে, কিংবা ওদের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করলাম। যেখানে বিসিবি স্পন্সর থাকবে। এটাও হতে পারে। এই দুটির একটি আমরা করে ফেলবো। এটা নিয়েই আজকে আলাপ হয়েছে।’
এর পাশাপাশি ঘরোয়া লিগ চালু করার ব্যাপারে তিনি বলেন, ‘এর বাইরে আমরা ঘরোয়া ক্রিকেটে লিগের খেলাগুলো চালু করে দিব। এটা আজকেই বলে দিতে পারতাম, তবে এখানেই শেষ না। আমি বলেছি ওদেরকে প্রস্তাব দিতে। খেলা তো শুরু করা যায় এটা তো সমস্যা না। তবে কিভাবে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে ওদেরকে নিরাপদ রেখে আমরা খেলাটি পরিচালনা করতে পারি সেই প্রস্তাবটি দিতে বলেছি। এই নিয়ে কিছু সাজেশনও দেয়া হয়েছে, ওরা দুই এক দিনের মধ্যেই মনে হয় জানাতে পারবে।’
নিউজক্রিকেট/আরআর
