নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো টাইগারদের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত।
শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ! পেন্ডুলামের মতো ঝুলতে থাকা এই সিরিজটি শেষ পর্যন্ত আর হচ্ছে না।
যার ফলে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আবারো অপেক্ষায় থাকতে হচ্ছে টাইগারদের।
বেশ কিছুদিন ধরে এই সফর নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছিল। টাইগারদের লঙ্কা সফর নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশনা ও নিয়মকানুন পছন্দ হয়নি বিসিবি। লঙ্কান বোর্ডের বেশ কিছু শর্তের বিরোধিতা করে শুরু থেকে শর্ত শিথিল করার দাবি জানিয়ে আসছিল বিসিবি। কেননা সফর নিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের যে নিয়মকানুনের ছক সেটি কোনভাবে মেনে নেওয়ার মতো নয় বিসিবির জন্য। ১৪ দিনের কোয়ারেন্টিন, ৩০ সদস্যের বেশি বহর নিয়ে লঙ্কা সফর নয়, হোটেলের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই, খাবারের জন্যও রুম থেকে বের হওয়ার অনুমতি নেই, এছাড়া নেই কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের সুযোগ! লঙ্কান ক্রিকেট বোর্ডের এত সব মামার বাড়ির আবদার মেনে নেয়নি বিসিবি। বিসিবি থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, শর্ত শিথিল করলেই বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে আসবে।
বাংলাদেশের প্রস্তাবে এতদিন নীরব ভূমিকায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর তাই এই সফর নিয়ে কিছুটা হলেও আশার আলো ছিল। দুই বোর্ডের আলোচনা ও মতবিরোধে পেন্ডুলামের মতো ঝুলে থাকা এই সফরের ভাগ্য শেষ অব্দী নির্ধারণ হয়েছে সফর বাতিলের মধ্য দিয়ে। উভয় বোর্ডের মতবিরোধের কারনে টাইগারদের শ্রীলঙ্কা সফর বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড কর্তাদের নিয়ে জরুরী বোর্ড সভায় আলোচনা করে এই ব্যাপারে নিজেদের চুড়ান্ত সিদ্ধান্ত জানায় বিসিবি।
নিউজক্রিকেট / ইফতি মারুফ
