১৪ দিনের কোয়ারেন্টাইন সম্ভব নয় : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই দেশের বোর্ডের বার বার আলোচনার পরেও এখনো ঝুলে আছে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শ্রীলঙ্কার দেওয়া শর্ত অনুযায়ী বাংলাদেশ দলকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে, যা সম্ভব নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডের সংগে যোগাযোগ হচ্ছে নিয়মিত। সফর নিয়ে আমরা খুবই আগ্রহী। ১৪ দিন রুমে থেকে শ্রীলংকা সিরিজ সম্ভব নয়। একটা প্লেয়ার যদি ১৪ দিন রুমে থাকে তাহলে হয় না।’

‘আমরা বলেছি হোটেলে কিছু সুবিধা দিতে। জিম ফ্যাসিলিটিজ, সুইমিংপুল সুবিধা দেওয়া হোক। আশা করি আজকের মধ্যে আমরা একটা মেসেজ পাব।’ আজ রোববার শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে শ্রীলঙ্কার দেওয়া বেশ কিছু শর্ত মানা সম্ভব নয় বলে বিসিবি সভাপতি বলেন, এমন হলে আমাদের পক্ষে সফরে যাওয়া সম্ভব নয়। এমন নিয়ম কোথাও দেখিনি এর আগে। দফায় দফায় আলোচনার পর শ্রীলঙ্কা বোর্ড থেকে জানানো হয় তাদের স্বাস্থ্য মন্তণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে কারো জন্যই কোয়ারেন্টাইন শিথিল করা সম্ভব নয়।

তবে বিসিবি লংকা সফর নিয়ে প্রস্তুতি প্রায় সেড়ে ফেলেছেন ক্রিকেটারদের দফায় দফায় করোনা টেস্ট সহ খেলোয়াড়দের রাখা হয়েছে আইসোলেশনে। এ মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রার কথা থাকলেও সেটি যে হচ্ছে না তা নিশ্চিত। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর হচ্ছে কিনা সেটি জানা যাবে দুই-একদিনের মধ্যেই। সবকিছু ঠিক থাকলে বা দুই বোর্ডের মধ্যে সমঝোতা এলে আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »