স্যামসন সব ফরম্যাটে না খেলায় হতবাক ওয়ার্ন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সব আসরেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটান রাজস্থানের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ভারতীয় এই ব্যাটসম্যানের ব্যাটিং প্রতিভায় বরাবরই দারুণ মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার এবং রাজস্থান রয়্যালসের মেন্টর শেন ওয়ার্ন।

স্যামসন কেন ভারতের হয়ে সব ফরম্যাটে খেলছে না সেটার জন্যই তিনি বেশ অবাক হয়েছেন। চলতি মৌসুমে রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে ৩২ বলে ৭৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছেন স্যামসন। এই রানের মধ্যে এসেছিল ৯টি ছক্কা।

স্যামসনের প্রশংসা করে ওয়ার্ন বলেন, ‘সঞ্জু স্যামসন, কী দুর্দান্ত এক ক্রিকেটার! অনেক দিন থেকেই এটা বলে আসছি আমি। সম্ভবত দীর্ঘদিনের মধ্যে আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর ক্রিকেটারদের একজন সে। আমি বিস্মিত যে ভারতের হয়ে তিন সংস্করণেই ওকে খেলতে দেখছি না। আমারর বিশ্বাস আগামীতে ভারতের হয়ে তিন ফরম্যাটই মাতাবেন স্যামসন।’

ওয়ার্ন আরো বলেন, ‘সে এতটাই ভালো… সে সত্যিকারের চ্যাম্পিয়ন। সব শট আছে তার হাতে, দারুণ মানসম্পন্ন ও ক্লাস ব্যাটসম্যান। আশা করি, এই বছর সে ধারাবাহিক ভাবে ভালো করবে, রাজস্থান রয়্যালসকে আইপিএল ট্রফি জয়ে সহায়তা করবে এবং আশা করি, ভারতের হয়ে তিন সংস্করণেই খেলবে সে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »