চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানোর টোটকা দিলেন ব্র্যাড হজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে খেই হারিয়ে বসেছে চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচ হেরে বেশ চাপে আছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। এবার চেন্নাই দল নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র‍্যাড হজ। তিনি মনে করেন আরব আমিরাতের কন্ডিশন নিয়ে চিন্তা বাদ দেয়া উচিত চেন্নাই সুপার কিংসের। বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে তাদের শ্রীঘ্রই ঘুরে দাঁড়ানো উচিত।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুই ম্যাচে হেরেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে ৪৪ রানে হেরেছে চেন্নাই। এই হারের পরই এমন মন্তব্য করেছেন হজ।

তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংসের উচিত কন্ডিশন নিয়ে চিন্তা বন্ধ করে দেয়া এবং তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া উচিত। তারা অনেক অভিজ্ঞ দল। তাদের সব কিছু শেষ হয়ে যায়নি। আশা করি তারা ঘুরে দাঁড়াবে।’

দিল্লির দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত আর জিততে পারেনি চেন্নাই। তাদের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৩৭ রানে। এই ম্যাচেও ছয় নম্বরে ব্যাট করেছেন ধোনি।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। এবারের আসরে তিন ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়েছে চেন্নাই। তারা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »