নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন ডিন জোন্স। সাবেক অজি কিংবদন্তী ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকারের আকস্মিক এই মৃত্যু মেনে নিতে পারছেন না অনেক সাবেক ক্রিকেটার।
এই তালিকায় রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও। সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের মৃত্যুর পর আবেগঘন বার্তা দিয়েছেন কপিল। তিন যুগের বন্ধুত্ব ছিন্ন হওয়ায় শোকে ভেঙে পড়েছেন ভারতের সাবেক এই তারকা পেসার।
সংবাদ সংস্থা ইয়ানসকে (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস) কপিল দেব বলেন, ‘ডিনো আমার দারুণ একজন বন্ধু ছিল এবং আমি তাঁর চলে যাওয়ার খবরে অনেক বড় ধাক্কা খেয়েছি। আমি তাঁর পরিবারের জন্য দুঃখিত। আপনি তাঁকে অবশ্যই মিস করবেন, কিন্তু ওর পরিবার সবচাইতে বেশি ভুগবে। আমি তাঁকে ৩৫ বছর ধরে চিনি।
সে অনেক বড় মাপের একজন ক্রিকেটার ছিল এবং অবশ্যই অন্যতম সেরা ক্রীড়াবিদ। রানিং বিটউইন দ্য উইকেটে খেলার একজন মাস্টার ছিল সে। একই সঙ্গে অসাধারণ একজন ধারাভাষ্যকার ছিল সে যার রসবোধ দারুণ ছিল।’
ডিন জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট এবং ১৬৪টি ওয়ানডে খেলেছেন। যেখানে টেস্টে তার ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৪৬.৫৫ গড়ে ৩ হাজার ৬৩১ রান করেছেন তিনি। অপরদিকে ওয়ানডেতে ৪৪.৬১ গড়ে তাঁর সংগ্রহ ৬ হাজার ৬৮ রান। এই ফরম্যাটে ৭টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
নিউজক্রিকেট/শাওন
