নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসেই লঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের, তবে তাদের দেওয়া বেশ কিছু শর্তের কারণে এই সিরিজের ভাগ্য এখনো ঝুলে আছে। লঙ্কা সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরির ঢাকায় আসার কথা ছিল ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)। তবে শ্রীলঙ্কা সফর যেহেতু এখনও নিশ্চিত না সে কারণে এখনই দেশে আসা হচ্ছে না তাঁর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। আকরাম খান বলেন, ‘ভেট্টোরি আসবে যখন সফরটি নিশ্চিত হবে। সে পুরনো সূচি অনুযায়ী ঢাকায় আসছে না।’
স্পিন কোচ ভেট্টোরির সঙ্গে বাংলাদেশ দলে যোগ দেয়ার কথা ছিল তারই স্বদেশী ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানের। কিন্তু কাজ শুরু করার আগেই তার বাবার মৃত্যু হওয়ায় দায়িত্ব নিতে পারছেন না তিনি। চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু সফরটিতে কোয়ারেন্টাইনের কিছু কঠিন শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যার কারণে সিরিজটি ঝুলে রয়েছে এক প্রকার। যদিও বিসিবির প্রত্যাশা দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে এসএলসি।
নিউজক্রিকেট/শাওন
