নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের শেষ দিকে লঙ্কার বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে শ্রীলঙ্কা সফর আদৌ হচ্ছে কিনা সেটি নিয়ে এখনও বেশ ধোঁয়াশার মধ্যে রয়েছে বিসিবি। সফরটির ব্যাপারে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।
শেষ পর্যন্ত যদি সফরটি না হয় তাহলে বিকল্প ভেবে রেখেছেন বিসিবি কর্মকর্তারা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্যে এমনটাই ধারণা পাওয়া গেছে। দৈনিক ইত্তেফাককে তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা সফর বাতিল হলে একটি ত্রিদলীয় সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। এই প্রসঙ্গে নান্নু বলেছেন, ‘তিন ধরণের সিরিজ হতে পারে। জাতীয় দল, এ দল, এইচপি আছে। দেখা যাক আগে শ্রীলঙ্কা সফরের কি ফয়সালা হয়।’
এর আগে করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দেশের ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে সেটা স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য। ধারণা করা হচ্ছিলো অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে পারবেন খেলোয়াড়েরা। কিন্তু লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া কিছু কঠোর শর্তের কারণে বাংলাদেশের সফরটি হুমকির মুখে পড়ে রয়েছে এখনো।
নিউজক্রিকেট/শাওন
