ইনজুরির কবলে তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন শ্রীলঙ্কা সফরের সবকিছুই ঝুলে আছে, কবে নাগাদ খেলা শুরু হবে এমনকি কবে বাংলাদেশ দল লঙ্কার বিমান ধরবে সেটাও নিশ্চিত নয়। এর মাঝেই এক খবর আসলো স্ট্রেইন ইনজুরির কবলে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতোর কাছে নিজের সমস্যার কথা তুলে ধরেন তামিম। তবে ধারণা করা হচ্ছে ইনজুরিটি গুরুতর কিছু নয়। যদিও পুরোপুরি নিশ্চিত হতে ২৪ ঘন্টা অপেক্ষা করার পক্ষে তিনি।

ইংরেজি দৈনিক ডেইলি সানকে মিনহাজুল আবেদিন বলেন, ‘তামিম হালকা স্ট্রেইনের ইনজুরিতে ভুগছে, হতে পারে এটা গরমের কারণে। আমরা এখনই মন্তব্য করতে পারছি না তেমন কারণ আমাদেরকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে তাঁর অবস্থা জানার জন্য। যদি আমাদের মনে হয় এটা গুরুতর কিছু তাহলে আমরা সেই মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেব। এই মুহূর্তে এটা মনে হচ্ছে দ্রুতই উত্তরণযোগ্য।’

মঙ্গলবার অনুশীলনের সময় তামিমকে ব্যাটিং অনুশীলনে দেখা যায়নি। তবে মাঠেই সময় কাটিয়েছেন এই ওয়ানডে অধিনায়ক। চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া শর্তের কারণে সফরটি নিয়ে তৈরী হয়েছে বেশ কিছু সমস্যা।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »