নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৩তম আসরের পর্দা উঠছে আজ সন্ধ্যায়। করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই আয়োজন হচ্ছে এবারের আইপিএল। তাই খেলোয়াড়দের ও টুর্নামেন্টের সম্পৃক্ত সবার নিরাপত্তার কারণে এবারের আইপিএলের ম্যাচের সময় মাঠে ঢুকতে পারবেনা কোনো সংবাদমাধ্যম৷ কোনো সাংবাদিক ম্যাচ কাভার করতে পারবেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, ‘করোনাভাইরাসের কারণে এবার আরব আমিরাতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের আসরে সংবাদকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ করে ম্যাচ কভারের সুযোগ রাখা হচ্ছে না। কোনো দলের প্র্যাকটিস সেশনের ক্ষেত্রেও এ নির্দেশনা বহাল থাকবে।’
ম্যাচের আগের দিন কোনো সংবাদ সম্মেলন করতে পারবেনা ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু ম্যাচের পর ভারচুয়াল প্রেস কনফারেন্স করা যাবে। এতে সাংবাদিকরা অনলাইন প্রেস কনফারেন্সে ক্রিকেটারদের প্রশ্ন করতে পারবেন৷ সাথে আইপিএলের প্রতিটি ম্যাচের জন্য অনলাইনে ৩৫টি করে ছবি দেয়া হবে বিসিসিআইয়ের পক্ষ থেকে। তবে এসব শুধু বিসিসিআইয়ের নিবন্ধনকৃত সংবাদমাধ্যমগুলোই পারবে।
উল্লেখ্য, এবারের আইপিএল গত মার্চে আয়োজন করার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। ভারতে এখনো করোনা প্রভাব কাটেনি ফলে বিসিসিআই বাধ্য হয়ে এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করছে।
নিউজক্রিকেট/আরআর
