স্মিথকে সাহায্যের জন্য মুখিয়ে আছেন রবিন উথাপ্পা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কলকাতা দলের টিম ম্যানেজমেন্টের প্রথম সারির পছন্দের খেলোয়াড় ছিলেন রবিন উথাপ্পা। হঠাৎ আকাশে যেমন মেঘ জমে তেমনি কলকাতার মনেও হয়তো জমেছিল মেঘ, একারণেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপা জয়ী রবিন উথাপ্পাকে হুট করেই ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। কলকাতার হয়ে শিরোপা জয়লাভ করা ছাড়াও ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন মারকুটে এই ব্যাটসম্যান।

গত বছরের নিলামে এই টপ অর্ডার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আর তার দলটির অধিনায়কত্ব করবেন অজি খেলোয়াড় স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে সাহায্য করতে মুখিয়ে আছেন উথাপ্পা।

খলিজ টাইমসকে দেয়া সাক্ষাৎকারে উথাপ্পা বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যদি স্মিথ আমার কাছে কোনও সাহায্য চায় তাহলে আমি অবশ্যই তা করব। আমি মনে করি অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে বিভিন্ন উপায়ে অবদান রাখাটা গুরুত্বপূর্ণ। দলের জন্য পুরোপুরি নিবেদন থাকতে হবে। স্মিথ বা কেউ যদি আমার কাছে সাহায্য চায় তাহলে আমার রুমের দরজা সবসময়ই খোলা। দল বা দলের কোনও সদস্যকে সাহায্য করতে পারলে আমি অনেক খুশি হবো। রয়্যালসের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’

এখনো পর্যন্ত ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে খেলেছেন উথাপ্পা। রান করেছেন ২৫.৯৪ গড়ে ৯৩৪ রান। মারকুটে এই ওপেনার আইপিএলে ১৭৭ ম্যাচে ২৮.৮৩ গড় ও ১৩০.৫ স্ট্রাইক রেটে চার হাজার ৪১১ রান করেছেন। এবারের আইপিএলে নজরকাড়া পারফর্ম করে জাতীয় দলে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »