নতুন অ্যাকশন দিয়ে সব ফরম্যাটে ভালো করতে চান তাইজুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় টেষ্ট দলের নির্ভরযোগ্য একজন স্পিনার তাইজুল ইসলাম। টেষ্টে খেলেন নিয়মিত। টেষ্টের তুলনায় অন্য ফরম্যাটে পিছিয়ে আছেন তিনি। তাই তিন ফরম্যাটেই ভালো করতে বোলিং অ্যাকশনে এনেছেন পরিবর্তন। ভালো করতে চান সব ফরম্যাটে।

বাংলাদেশের বর্তমান স্পিন বোলিং কোচ নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিন অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। তার অধীনে কাজ করছেন দেশের অনেক স্পিনার। তাইজুল ইসলামেরও সুযোগ হচ্ছে তার সাথে কাজ করার। ভেট্টরির পরামর্শে তিনি পাল্টালেন তার বোলিং অ্যাকশন।

টেষ্টে সাধারণত একরকম বল করে সফলতা পাওয়া যায়। কিন্তু সীমিত পরিসরের ক্রিকেটে একই বল দিয়ে সফলতা পাওয়া কঠিন। তাইজুল নিজেও সেটা জানেন। ফলে ভেট্টরির ছায়ায় থেকে তিনি তার বোলিং পরিবর্তন করেছেন৷ তিনি জানান বিসিবি নেটে নতুন ভেরিয়েশন দিয়ে সফলতা পাচ্ছেন। আজ অনুশীলনের সময় তিনি এসব জানান।

তিনি বলেন, ‘আমার আগের যে অ্যাকশনটা ছিল জায়গায় জায়গায় বল করাটা অনেক সুবিধা ছিল। কিন্তু ঐ অ্যাকশনটাতে তিন ফরম্যাটে চালিয়ে নেওয়া কঠিন। বৈচিত্রের মাত্রাটা একটু কম ছিল। এখন যে নতুন বোলিং অ্যাকশনটা এটা নিয়ে ভেটরির সাথে কথা বলেছি সে বলল এটা দিয়ে তিন ফরম্যাটে খেলতে পারবা। যার জন্য বিভিন্ন দিক চিন্তা করে, বলের বাউন্সের দিক চিন্তা করে, বিভিন্ন বৈচিত্রের কথা চিন্তা করে অ্যাকশনটা পরিবর্তন করা।’

সফলতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে ফলাফলও পাচ্ছি, ব্যাটসম্যানদের বল করে। বৈচিত্রের দিকে সাহায্য করছে নতুন অ্যাকশনটা।’

উল্লেখ্য, তিনি এখন অনেকটা তার গুরু ড্যানিয়েল ভেট্টরির বোলিং অ্যাকশনের মত বল করছেন যেটা কিছুটা শর্ট রানআপের।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »