নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসেই জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ সময় পর ক্রিকেটে ফেরায় ক্রিকেটারদের পূর্বপ্রস্তুতি হিসেবে সবার করোনা পরীক্ষা করাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বের অন্য সব ক্রিকেট বোর্ড তাদের খরচেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাচ্ছে। কিন্তু পাকিস্তানে চিত্র উল্টো দেখা গেল। ক্রিকেটারদের করোনা পরীক্ষা তাদের নিজেদের পকেট থেকেই করতে বলেছে পিসিবি। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।
দুইবারের পরীক্ষায় প্রথমটার খরচ বহন করতে হবে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের। দ্বিতীয় পরিক্ষার খরচটি বহন করবে বোর্ড। দুটিতেই ফলাফল নেগেটিভ আসলে তবেই অংশগ্রহণ করা যাবে টুর্নামেন্টে।
সংবাদসংস্থা পিটিআই বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ‘প্রাথমিক পরীক্ষাটি খেলোয়াড়, কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের নিজেদের খরচে করাতে হবে।’
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এই জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ। রাওয়ালপিন্ডি ও মুলতানে অনুষ্ঠিত হবে সব ম্যাচগুলো। টুর্নামেন্টটিতে প্রায় ২৪০ জন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল অংশ নেবেন বলে জানা গেছে।
নিউজক্রিকেট/শাওন
