নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে হার ও টি-২০ সিরিজে ড্র’য়ের পর ভালো সুখবর পেলো পাকিস্তান ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিইও জানিয়েছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ২০২১-২২ এ পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকে প্রায় ৬ বছর বন্ধ ছিলো পাকিস্তানে ক্রিকেট।
২০১৫ সালে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের মাধ্যমে দেশটিতে আবারো ক্রিকেট ফিরে। গত বছরই পাকিস্তানের মাটিতে খেলেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো বড় দলকে এনে ঘরের মাঠে ক্রিকেট স্বাভাবিক করতে চায় পিসিবি।
পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘বিশ্বের করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা ঠিক থাকলে টেস্ট ক্রিকেটে টপ ৪ দলের ৩টি দল (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) তারা ২০২১-২২ সময়সূচিতে পাকিস্তান সফর করবে বলে আমাদেরকে আশ্বস্থ করেছে। বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছর গুলোতে পাকিস্তানে নিয়মিত ক্রিকেট ফিরবে।’
পাকিস্তান ক্রিকেট হোস্ট করার জন্য এখন অনেক নিরাপদ বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেন, ‘খুব বেশিদিন আরব আমিরাত পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহার হবে না। আরম আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহারের কারণে পিসিবি আয়ের অনেক বড় একটি অংশ তাদেরকে দিতে হয়।’ ইংল্যান্ডের সাদা পোশাকে অধিনায়ক জো রুটও পাকিস্তানে খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে তিন বড় দল আসার আগে আগামী মাসেই পাকিস্তান সফরে আসছে জিম্বাবুয়ে দল। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২০শে অক্টোবর পাকিস্তানে পা রাখার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের।
নিউজক্রিকেট/এইচএএম
