অবশেষে ডমিঙ্গো-গিবসনরা অনুশীলনে যোগ দিয়েছেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত ১৯ জুলাই ঢাকাসহ দেশের বিভিন্ন ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুশীলনে ছিলো করোনাকালের স্বাস্থ্যবিধি মানার শর্ত। এসব শর্ত মেনেই কয়েক ধাপে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছেন। তবে ছিলেন না কোনো বিদেশি কোচ।

এবার ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরের জন্য ক্রিকেটারদের দলগত অনুশীলন শুরু হবে। এর আগেই গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। ৮ সেপ্টেম্বর ঢাকায় আসেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে আসা যে কাউকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যদিও এমনটা করতে হয়নি ডমিঙ্গো-গিবসনদের।

সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন ডমিঙ্গো, কুক ও গিবসন। বিসিবির চিঠি পেয়েই মাঠে উপস্থিত হয়েছেন তারা। করোনা জয় করে অনুশীলনে ফিরেছেন ট্রেইনার নিক লি’ও।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আগে থেকেই আলাপ করেছে বিসিবি। যেন দেশে ফিরে করোনা পরীক্ষার রিপোর্ট দেখিয়েই অনুশীলনে যোগ দিতে পারেন কোচরা। দেরিতে হলেও অনুশীলনে যোগ দিয়েছেন ডমিঙ্গো-গিবসনরা।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশের। প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও শ্রীলঙ্কা এখনও সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি।

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »