নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেটের সফলতম কাপ্তান মাশরাফি বিন মর্তুজার স্মারক জার্সি নিলামে উঠছে এবার। নিলামে জার্সি বিক্রি করে সেই টাকায় নড়াইলের স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে চান জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক।
‘অ্যাকশন ফর অ্যাকশন’ নামক সংস্থাই মাশরাফির জার্সির নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর এ নিলাম হওয়ার কথা মাশরাফির হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাশরাফি নিজের যে প্রিয় জার্সি নিলামে তুলতে যাচ্ছেন তা দিয়েই তিনি ২০১৯ বিশ্বকাপে খেলেছেন। করোনাভাইরাসের কারণে নানা উপায়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেটারদের গড়া তহবিলে নিজ বেতন থেকে ২ লাখ ২৫ হাজার টাকা দেন মাশরাফি। নড়াইলে ইতোমধ্যে নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন তিনি।
উল্লেখ্য, মাশরাফি এর আগে নিজের প্রিয় ব্রেসলাইট নিলামে তুলেছিলেন। প্রিয় ব্রেসলেট বিক্রির অর্থ দিয়ে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি ঘোষণা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়,মাশরাফির ব্যবহৃত ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকা, রংপুরসহ করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। মাশরাফির ঘোষণা মোতাবেক ব্রেসলেট নিলামের টাকার কিছু অংশ করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াড ছাড়াও দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লক্ষ টাকা এবং শিগগিরই নিলামে ওঠা জার্সি বিক্রির অর্থ দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।
নিউজক্রিকেট/আজহার
