নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল শুরু থেকে খেলেছেন রাজস্থানের হয়ে। এরপর কাজ করেছেন দলের সাথে। তাইতো টানা দ্বিতীয়বারের মতো রাজস্থান রয়্যালসের মেন্টর এবং ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্পিন কিং শেন ওয়ার্নকে। শনিবার ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রাজস্থান দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি স্পিনার কাজ করবেন রাজস্থানের প্রধান কোচ ম্যাকডোনাল্ডের সঙ্গে। খেলোয়াড়ি জীবনেও তাদের একই সঙ্গে খেলতে দেখা গেছে। আবারও দেখা যাবে এই জুটিকে।
রাজস্থানের হয়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর ওয়ার্ন বলেছেন, ‘দুটি দায়িত্ব পেয়েছি, রাজস্থান রয়্যালসে ফেরা সব সময়ই দারুণ আনন্দের। এটা আমার দল, এটা আমার পরিবার। আমি যে ফ্র্যাঞ্চাইজিটাকে ভালোবাসি সেটার জন্য কাজ করা দারুণ তৃপ্তির। আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক দল হওয়া যারা আমাদের ভালোবাসে এবং অনুসরণ করে তাদের জন্য।’
এছাড়া ওয়ার্নকে তাদের দলে স্বাগত জানিয়ে রাজস্থান রয়্যালসের সিওও জ্যাক ম্যাকরাম বলেছেন, ‘সে সর্বকালের অন্যতম সেরা এবং সে রাজস্থান রয়্যালসে আমাদের জন্য বিশেষ কেউ। শেন এমন একজন যে আমাদের লক্ষ্যগুলো বাস্তবায়িত করতে পারে এবং তাকে পেয়ে আমরা গর্বিত। আশা করি সে আমাদের বৈশ্বিক জনপ্রিয়তা বৃদ্ধি এবং মাঠে খেলোয়াড়দের সাফল্যের জন্য অনুপ্রাণিত করতে পারবে।’
আগামী সপ্তাহ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। টুর্নামেন্ট চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ২২ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার আইপিএল শুরু করবে রাজস্থান রয়্যালস।
নিউজক্রিকেট/শাওন
