নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা সফর দিয়ে করোনাভাইরাসের পর এই প্রথম মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। তবে এখনো অব্দি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসির পক্ষ থেকে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই সিরিজ নিয়ে আশাবাদী। তিনি জানান বিসিবি এসএলসির সাথে যোগাযোগ রাখছেন। তারা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে পরামর্শ করে সব জানাবে।
তিনি বলেন,”আপনারা জানেন যে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা যে বিস্তারিত তথ্যগুলোগুলো চেয়েছিলাম, সেগুলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সেগুলো নিয়ে যোগাযোগ করছে।’
তিনি আরো জানান: “প্রত্যেকটি দেশেই পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে। শ্রীলঙ্কাতেও বিভিন্ন নিয়ম কানুন জারি হয়েছে। আমাদের দল যখন সফর করবে, সেই কথা চিন্তা করে তারা বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। ওভাবেই আমাদের জানাচ্ছে।”
এইদিকে বিসিবি এই সিরিজ নিয়ে সব প্রস্তুতি সেরে রাখছে বলে জানান তিনি। তিনি আরও বলেন , ” আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি তো আর বন্ধ রাখা যাবে না। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের অনুশীলন পরিকল্পনা, ঢাকায় আমরা কবে থেকে অনুশীলন শুরু করবো এগুলো আমরা পরিকল্পনা করে রেখেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে।”
নিউজক্রিকেট/আরআর
