নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল, এই টি২০ লীগ খেলে থাকে বিশ্বের নামীদামি অনেক ক্রিকেটার। ২০১২ সাল থেকে আয়োজন হয়ে আসছে এই টুর্নামেন্ট। যদিও মাঝখানে দুই বছর বন্ধ ছিলো এই টুর্নামেন্টটি। এবছর ডিসেম্বরে ছিলো বিপিএলের ৭ম আসর শুরু হওয়ার কথা। কিন্তু করোনার কারণে বিপিএল নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। বিপিএল হবে কি হবে না তা এখন নির্ভর করছে ঢাকা প্রিমিয়ার লিগের উপর।
করোনার পর আবার স্বাভাবিক হতে চলেছে ক্রিকেট অঙ্গন। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে অনেক দেশই ঘরোয়া টুর্নামেন্ট শুরু করে দিয়েছে। চলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও। এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। অপেক্ষায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর। ২য় আসর মাঠে গড়াবে লংকান প্রিমিয়ার লীগের, মাঠে গড়াবে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচ গুলোও। তবে জাতীয় দল আর হাইপারফরম্যান্স ইউনিটের আসন্ন শ্রীলঙ্কা সফর বাদ দিলে এখনো খোলস বন্দি বাংলাদেশ ক্রিকেট, সেটা নিয়েও এখনো রয়েছে অনিশ্চয়তা। করোনার কারণে কোন ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। ফলে অনিশ্চিত স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টের জন্য আটকে আছে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভাগ্য।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের কথায় স্পষ্ট, এবছর আর আলোর মুখ দেখছে না বিপিএল। বিসিবি চেয়েছিল ডিপিএল দিয়ে ঘরোয়া টুর্নামেন্ট ফেরাতে। যেহেতু ঢাকা লিগ নিয়েই এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি, সেহেতু এবার বিপিএল হচ্ছে না বলাই যায়।
এই প্রসঙ্গে ইসমাইল হায়দার বলেন, ‘বোর্ডের ইচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট আবার শুরু করা। প্রিমিয়ার লিগ যদি সফলভাবে করতে পারি তাহলে বিপিএল করার চিন্তা করা যাবে।’
নিউজ ক্রিকেট/সুফিয়ান
