বিরতি শেষে আবারো মাঠের অনুশীলনে ফিরছেন সাকিব

নিউজ ডেস্ক »

সপ্তাহ খানেকের বেশি হলো দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আর দেশে ফিরেই করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পেয়েই নেমে পড়েছিলেন অনুশীলনে। গত ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একান্ত অনুশীলন পর্ব করে আসছেন সাকিব আল হাসান। টানা অনুশীলনের কারণে দুই দিনের একটি বিরতি নেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

বিরতি শেষে আজ আবারো মাঠে ফেরার কথা রয়েছে সাকিবের। বিকেএসপির পাব্লিক রিলেশন অফিসার মোহাম্মদ আশরাফউজ্জামান এমনটাই জানিয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি সানকে। আশরাফউজ্জামান বলেন, ”সাকিব দুই দিনের একটি বিরতি নিয়েছে এবং আমরা আশা করছি শনিবার সে ফিরবে। আমরা যদিও বলতে পারছি না যে আগামীকাল (আজ) সে অনুশীলন করবে কিনা। এটা পুরোপুরি তাঁর নিজের এবং কোচের উপর নির্ভর করছে।”

সাকিবের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে আরো মাস খানেকের বেশি সময় রয়েছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দেখা যেতে পারে তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এরই মধ্যে ইঙ্গিত দিয়ে রেখেছেন লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়েই মাঠে ফেরার জোর সম্ভাবনা রয়েছে সাকিবের। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দলের সঙ্গেও যোগ দিতে পারেন তিনি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »