মাঠের কোচিংয়ে ফেরার ব্যাপারে বিসিবির দিকে তাকিয়ে আছেন ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘ দিন মাঠের খেলা বন্ধ ছিল। তাইতো সামনের মাসে হতে যাওয়া শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠে ফিরছে টাইগাররা। দলের সাথে যোগ দিতে বাংলাদেশে এসে পৌঁছেছে হেড কোচ রাসেল ডমিঙ্গো। করোনার সময় এর প্রভাব কমাতে বাংলাদেশ সরকারের তৈরি করা নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা কোনও ব্যক্তিকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যেহেতু দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাই তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে কিনা এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানতে চেয়েছেন ডমিঙ্গো।

সামনেই শ্রীলঙ্কা সফর রয়েছে তাই কোচের ভূমিকাও রয়েছে অনেক। তাইতো ডমিঙ্গো ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করবেন কিনা- এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হচ্ছে বিসিবিকে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি দিলেই কেবল টাইগারদের অনুশীলনে যোগ দিতে পারেন ডমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। উল্লেখ্য ৬ সেপ্টেম্বর ডমিঙ্গোর সঙ্গে একই ফ্লাইটে আসেন কুক। গিবসন বাংলাদেশে পৌঁছেছেন গত ৮ সেপ্টেম্বর। কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা আছে তাদেরও।

এর আগে চলতি এই সিরিজ জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকেই লঙ্কার বিমানে উঠবে টাইগাররা।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »