নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ফরম্যাট যখন শুরু হয় তখন থেকেই একজন বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন। তবে বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মনে করছেন প্রত্যেক বোলারের টি-টোয়েন্টিতে কমপক্ষে ৫ ওভার করে বোলিং করা প্রয়োজন।
বেশকদিন আগেই আইসিসির দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে মন্তব্য করেছিলেন ওয়ার্ন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও এই নিয়মের পরিবর্তন চান তিনি। ভারত ক্রিকেট দলের সভাপতি সৌরভ গাঙ্গুলির দৃষ্টি আকর্ষণ করে একটি টুইট করেছেন ওয়ার্ন। সেখানে ওয়ার্ন লিখেছেন,’টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলারকে পাঁচ ওভার দেয়ার প্রস্তাবে দারুণ সমর্থন পেয়েছি আমি। আইসিসি এটা করুক! সম্ভবত আমরা এটা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএলেই চেষ্টা করতে পারি, সৌরভ গাঙ্গুলি!’
চলতি মাসের ১৯ সেপ্টেম্বর হতে আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। ইতিমধ্যে আইপিএল আয়োজনের প্রস্তুতি দেখতে দুবাই অবস্থান করছেন গাঙ্গুলি। এখন দেখার বিষয় ওয়ার্নের প্রস্তাব কতটা গুরুত্ব সহকারে দেখেন বিসিসিআই সভাপতি।
নিউজক্রিকেট/শাওন
