নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবার আইপিএল খেলতে যেয়েই চমক দেখিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। সেবার সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। কিন্তু পরের আসর গুলোতে আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এই পেসার। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু তাকে অনাপত্তি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ক্রিকবাজকে আকরাম বলেন, ‘আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের ক্যাম্প আছে শ্রীলঙ্কা সিরিজের, তাই ওকে এনওসি দেওয়া হয়নি।’
কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স দুটো দলই এবার মুস্তাফিজকে পেতে আগ্রহী ছিল বলে জানা গেছে। কলকাতার হ্যারি গার্নি চোটের কারণে আইপিএল থেকে সরে গেছেন। তার বিকল্প পেসার এখনও খুঁজে পায়নি কলকাতা। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তার বদলি হিসেবে যদিও জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে দলটি।
নিউজক্রিকেট/শাওন
