নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন সাবেক ব্লাক-ক্যাপস অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরি কাজ শুরু করেছিলেন গত বছরের নভেম্বর মাস থেকে। চুক্তিতে উল্লেখ ছিল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করার কথা ভেট্টোরির।
চুক্তি অনুযায়ী এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হওয়ার কথা ছিল ভেট্টোরির কোচিং ক্যারিয়ারের। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ পিছিয়ে গেছে।
তাই এই সময়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আর আসন্ন সফর দিয়েই শেষ হতে যাচ্ছে ভেট্টোরির সঙ্গে বিসিবির চুক্তি।
এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ভেট্টোরির সঙ্গে যে আমাদের ১০০ দিনের চুক্তি ছিল, তা প্রায় শেষ হতে এসেছে। তবে সে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে।’
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য লঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও সিরিজটির জন্য কোন সূচি প্রকাশ করেনি। তবে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দুই টেস্টের ভেন্যু ক্যান্ডি আর শেষ টেস্টটি হওয়ার কথা রয়েছে কলম্বোতে।
নিউজক্রিকেট/শাওন
