নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দেশের ক্রিকেট বন্ধ রয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে এ মাসেই লঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরের কথা চিন্তা করে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিল ক্রিকেটাররা। তবে করোনার হাত থেকে আর রক্ষা পেল না মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। কিন্তু ক্রিকেটারদের এই ব্যক্তিগত অনুশীলনে অংশ নেওয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে।
এমনকি এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজিটিভও হয়েছেন। এই অবস্থায় মিরপুরে ক্রিকেটারদের চলমান ব্যক্তিগত অনুশীলন তিনদিনের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাভাবিক মনে হলে আবার অনুশীলন শুরুর সময় জানিয়ে দেওয়া হবে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা তো ক্রিকেটারদের ব্যক্তি উদ্যোগের অনুশীলন। কাজেই আমরা আগেই ঠিক করেছিলাম বিপদজনক কিছু দেখলেই এটা বন্ধ রাখব। কয়েকজনের উপসর্গ দেখা গেছে, তাই আমরা আপাতত কদিনের জন্য এই অনুশীলন বন্ধ রাখছি।’
বিসিবির সিইও জানান, ‘ব্যক্তিগত অনুশীলনের শুরুর দিকে স্বাস্থ্যবিধি নিয়ে সবার মধ্যে কড়াকড়ি ছিল। কিন্তু কয়েকদিন পর তা আর দেখা যায়নি। যে কারণে অনুশীলন বন্ধ রেখেই কড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চায় বিসিবি। শুরুর দিকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হচ্ছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি কিছু ঢিলেঢালাভাব এসেছে। শ্রীলঙ্কা যাওয়ার আগে সর্বোচ্চ সতর্ক থাকা নিশ্চিত করতে চাই আমরা। ‘আমরা অন্য বোর্ডের সঙ্গেও অভিজ্ঞতা বিনিময় করছি। করোনাভাইরাস থেকে সুরক্ষা প্রটোকল মেনে চলা খুব সহজ কাজ নয়।’
নিউজক্রিকেট/শাওন
