কলকাতার হয়ে আইপিএল মাতাবেন মুস্তাফিজ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের আইপিএলে নিলাম থেকে দল না পেলেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে দেখা যেতে পারে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। মূলত কেকেআরের ইংলিশ পেসার হ্যারি গার্নি ইনজুরির কবলে পড়ে আইপিএল মিস করায় কপাল খুলতে পারে এই টাইগার পেসারের। গার্নির বদলে এবার মুস্তাফিজকে দলে নিতে যাচ্ছে কেকেআর।

এদিকে বিশ্বে এখনো পুরোপুরিভাবে কোভিডের প্রাদুর্ভাব কমেনি। তবে এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়াতে শুরু করেছে ক্রিকেট, ফুটবলের মত জনপ্রিয় খেলাগুলো। এশিয়ায় করোনার প্রাদুর্ভাব এখনো কমেনি। বাংলাদেশ ও ভারতে দিনদিন বেড়েই চলছে করোনার প্রাদুর্ভাব। কিন্তু এর মাঝেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

মুস্তাফিজ ছাড়াও কেকেআরের পছন্দের তালিকায় আছেন অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ, কিউই হার্ড হিটিং ব্যাটসম্যান কলিন মুনরো এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস। তবে অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছেন মুস্তাফিজ। গার্নির মতই বাঁহাতি পেসার হিসেবে স্লোয়ারে বেশ পারদর্শী দ্য ফিজ। এছাড়াও একবার আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কেকেআরের দিক থেকে পছন্দের তালিকায় সবার আগে আছেন মুস্তাফিজুর রহমান এর কারণ হলো টাকার দিক দিয়েও গার্নি এবং ফিজ প্রায় কাছাকাছি। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত বেশ কয়েকটি খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে কেকেআরের জার্সিতে দেখা যাবে দ্য ফিজকে।

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »