স্থগিত হওয়া পিএসএলের নতুন সূচী প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে চার ম্যাচ বাকি থাকতেই আচমকা স্থগিত হয়ে গিয়েছিল এ বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরটি। অবশেষে সব জল্পনা-কল্পনা পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটির বাকি অংশ। চলতি বছরের নভেম্বরেই মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি ম্যাচগুলো।

বলা হয়েছে আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে পিএসএলের স্থগিত হওয়া ম্যাচগুলো। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূচিতে দেওয়া রয়েছে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মুলতান সুলতানস বনাম করাচি কিংসের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি। এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর মুখোমুখি হবে কোয়ালিফায়ারের পরাজয়ী দল এবং প্রথম এলিমিনেটরের বিজয়ী দল। এবং সর্বশেষ ম্যাচ ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে চলতি বছরের এবারের আসরটির। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

করোনার প্রকোপে যখন এই ম্যাচগুলো স্থগিত রাখা হয়েছিল তখন ফ্র্যাঞ্চাইজিরা প্রস্তাব করেছিলেন নভেম্বরে অসমাপ্ত ম্যাচগুলো যেন আবার শুরু হয়। এমনকি কথাও উঠেছিল খেলা যদি আর মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুলতান সুলতান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করার।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »