নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানে বরাবরই বাংলাদেশ দলের অবস্থান বাজে! রঙিন পোশাকে সাফল্য আসলেও সাদা পোশাকে এখনো বেশ পিছিয়ে লাল-সবুজের দলটি। আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন টেস্ট খেলতে এই মাসের শেষেই দেশ ছাড়বে টাইগাররা। তবে বরাবরই যে বিদেশে মাটিতে পেসারদের বেহাল দশা, এবার কি সেটার উন্নতি হচ্ছে?
দেশের মাটিতে স্পিনারদের দাপট থাকায় পেসাররা সেভাবে সুবিধা পায় না, যার প্রভাব পড়ে দেশের বাইরে খেলতে গেলে। আসন্ন শ্রীলঙ্কা সফরে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিন্তা করছে তিন পেসার খেলানোর। সাদা পোশাকে অন্তত পার্ফরমেন্সের দিক থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন আবু জায়েদ রাহী। তার সাথে হয়তো দেখা যাবে এবাদত হোসেনকে। নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও লংকা সফরে সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টাই করবেন এ পেসার সে ব্যাপারে সন্দেহ নেই।
তৃতীয় পেসারের চিন্তা করলেই আসে বেশ কয়েকটি নাম। শফিউল, আল-আমিনদের মধ্যে বিবেচনা করলে হয়তো সুইং আর গতির কারণে এগিয়ে থাকবেন আল-আমিন। তবে গুঞ্জন উঠছে অভিষেক হতে পারে রঙিন পোশাকে বেশ উজ্জ্বল অলরাউন্ডার সাইফউদ্দিনের। তবে শেষ পর্যন্ত কোন তিন পেসার ম্যাচের টিকেট পাবেন সেটিই এখন দেখার বিষয়।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এখন কিন্তু কিছু পেস বোলার আছে যাদের আমরা টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করে রাখছি। ৪-৫ জনের একটা তালিকা করা আছে। সেখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলান হছে। টিম কম্বিনেশনের কারণে আমাদের এখানে দুইটা পেসার খেলে থাকে উপমহাদেশে। বাইরে গেলে আমরা তিনটা পেসারের কথাই চিন্তা করি।’
আকরামের বিশ্বাস তিন পেসার নিয়ে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের, ‘টিম ম্যানেজম্যান্টের সাথে বসে এই কম্বিনেশনটা রেডি করা হবে। তারপরও আমি মনে করি আমাদের যে পেস বোলাররা আছে, সেই সামর্থ্য আছে তিনটা পেসার নিয়ে খেলার। সেই আত্মবিশ্বাস আমাদের আছে।’
নিউজক্রিকেট/এইচএএম
