নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বুধবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। আসন্ন শ্রীলঙ্কা সফরে এই অলরাউন্ডারকে কিভাবে দলের সঙ্গে যুক্ত করা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এই বিষয় নিয়ে যে বিসিবি গোপনে আগাচ্ছে তা বোঝা গেলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায়। তিনি মিডিয়াকেও অনুরোধ করেছেন এই কয়দিন সাকিবকে নিয়ে মাতামাতি কম করার জন্য।
গত বছর এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান, তার বিরুদ্ধে অভিযোগ ম্যাচ ফিক্সিয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানো।দেখতে দেখতে প্রায় শেষ হতে চলেছে সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ। আগামী মাসের ২৯ অক্টোবর আবার ক্রিকেটে ফেরার ছাড়পত্র পাবেন টাইগার অলরাউন্ডার, ৩০ তারিখ থেকে পারবেন মাঠে নামতে। ধারনা করা হচ্ছে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবেন তিনি। এজন্য দীর্ঘ ৫ মাস পরে আমেরিকা থেকে পরিবার রেখে আজ দেশে ফিরেছেন সাকিব। তার ফেরা নিয়ে বেশ সরব হয়েছে গণমাধ্যমগুলো। এজন্য আকসুর নিয়ম আমলে নিয়ে সাকিবের নিষেধাজ্ঞার শেষ সময়টা ঝুঁকিমুক্ত রাখতে চায় বিসিবি।
এ প্রসঙ্গে বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে অনুরোধ করে বলেন, ‘আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে শেষের দিকে যেন কোন কিছু তার বিরুদ্ধে না যায় আকসুর নিয়মানুসারে। সেটা একটু বিবেচনা করবেন আর আনুষ্ঠানিকভাবে আমরা তার সাথে কাজ করবো ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।’
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
