নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত যত জন কোচ এসেছে সেসব কোচদের মধ্যে থেকে চন্দিকা হাথুরুসিংহকে সফলতম কোচদের একজন বলাই যায়। তবে এই সফল কোচ তকমা পাওয়ার পরেও বিদায় বেলা তেমন ভাল ছিল না, একেবারে সাদামাটা ভাবেই দেশ ছাড়েন হাথুরুসিংহে। নানা সময়ে নানা কারণে রীতিমতো বিতর্ক সৃষ্টি করেই বাংলাদেশ ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কান এই কোচকে। যদিও এসব নিয়ে বিন্দুমাত্র কোন ভাবনা নেই হাথুরুসিংহের।
সম্প্রতি ডেইলি স্টারকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাথুরুসিংহে। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আবারও বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ফিরে আসবেন কি না। জবাবে হাথুরুসিংহে বলেন, ‘কখনোই না বলতে হয় না। আমার হৃদয়ে বাংলাদেশের মানুষ ও ক্রিকেটারদের জন্য আলাদা জায়গা আছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কেমন উন্নতি করে সেদিকে আমি অবশ্যই নজর রাখব।’
হাথুরুসিংহ আরো বলেন, আমার ইস্তফা দেয়ার কারণ একান্তই ‘ব্যক্তিগত’। ক্রিকেটার বা বোর্ডের কর্তাদের সঙ্গে আমার কিছুই হয়নি। আমি ইস্তফা দিয়েছি একান্ত ব্যক্তিগত কারণে।
এর আগে হাথুরুসিংহে কোচ থাকাকালীন সময়ে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। তাঁর অধীনে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালও খেলে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি ও রয়েছে তার দখলে।
বাংলাদেশে থাকাকালীন সময়ে নিজের কাটানো মুহুর্ত নিয়ে তিনি আরও বলেন, ‘আমি ভাগ্যবান। কেননা সিনিয়রদের এমন সুন্দর একটা গ্রুপ আমি পেয়েছি। এদের কিছু দিক নির্দেশনা দরকার ছিল শুধু। সাথে কয়েকজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সের কারণে আমরা বেশ কিছু সাফল্য উপভোগ করেছি।’
নিউজক্রিকেট/শাওন
