নিউজ ডেস্ক »
নির্ধারিত সূচি অনুযায়ী মিরপুরে হোম অব ক্রিকেটে অনুশীলনে ব্যস্ত টাইগার ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের সাথে বোলাররাও ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। লংকান সফরকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা।
তবে মিরপুরের কেন্দ্রীয় উইকেটে ব্যাটসম্যানদের সাথে স্পিনাররা অনুশীলনের সুযোগ পেলেও এখনো পেসারদের জন্য সে সুযোগ তৈরি হয়নি৷ হয়তো সপ্তাহ খানেক পর কেন্দ্রীয় উইকেটে দেখা যাবে পেসারদের অনুশীলন। লম্বা সময় পর পেসাররা ফিরছে, যার জন্য ছন্দে ফিরতে খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘চলতি সপ্তাহে পেস বোলাররা সেন্ট্রাল উইকেটে বোলিং করবে না, কারণ তাঁরা এখনও পুরো ছন্দে ফিরেনি।’
‘পুরোপুরি ছন্দে না ফিরে বোলিং শুরু করলে চোটে পরতে হতে পারে তাঁদের। এই কারণেই পেসারদের সময় দেয়া হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাই আমরা পেসারদের নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাইছি না’
তবে পেসারদের ইঞ্জুরি থেকে বাঁচাতে ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে বিসিবি। পেসারদের শর্ট রান আপে ৪-৫ ওভার বোলিং করতে বলা হয়েছে সাথে তাদের জন্য ৭-৪-২ ফর্মুলা বেঁধে দিয়েছে বিসিবি এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘পেসাররা যখন অনুশীলন শুরু করেছিল তখন ৫০ ভাগ দিয়ে বোলিং করেছিল। এখন সেটা আস্তে আস্তে ৭৫ ভাগে এসেছে। আগামী সপ্তাহে তাঁরা পুরদমে বোলিং শুরু করতে পারবে বলে আমরা আশাবাদী।’
শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজের জন্য এই মাসের শেষেই দেশ ছাড়বে টাইগাররা। এদিকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পরই দ্বিতীয় টেস্টে দেখা মিলবে সাকিব আল হাসানের। ইতিমধ্যেই দেশে পা রেখেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবির পক্ষ থেকে সাকিবের জন্য করা হয়েছে আন্তর্জাতিক মানের অনুশীলন ব্যবস্থা।
নিউজক্রিকেট২৪/ এইচএএম
