নিউজ ডেস্ক »
আইপিএল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়লেও শেষ পর্যন্ত আর খেলা হলো না সুরেশ রায়নার। গেলো মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের ভেন্যু আরব আমিরাত থেকে দেশে ফিরে এসেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। সবাই ধারণা করেছিল, দুর্বৃত্তদের হাতে চাচার খুন হওয়ার সংবাদ পেয়ে দেশে ফিরে আসেন সাবেক এই তারকা ক্রিকেটার।
রায়না আনুষ্ঠানিকভাবে আজকের আগে কোন কথাই বলেননি যে এই ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনার কারণে তিনি দেশে ফিরে এসেছিলেন কিনা। তবে তার পরিবারের এই ঘটনায় নিয়ে এবার মুখ খুললেন তিনি।
সম্প্রতি টুইটারে বিষয়টি জানান রায়না। রায়না লিখেন, “আমার পরিবারের সাথে যা ঘটেছিল তা ছিলো ভয়ঙ্কর। আমার চাচাকে জবাই করে হত্যা করা হয়েছিল, আমার চাচী এবং আমার দুজন চাচাতো ভাইও গুরুতর আঘাত পেয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমার চাচাতো ভাইও বেশ কয়েকদিন ধরে যুদ্ধ করার পরে গতরাতে মারা গেছেন। আমার চাচীর অবস্থা এখনও সংকটাপন্ন এবং তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। এখনও অবধি আমরা জানি না যে সেই রাতে ঠিক কী হয়েছিল এবং কে এটি করেছে। আমি পাঞ্জাব পুলিশকে অনুরোধ করছি এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। এই জঘন্য কাজটি কে করেছে তা আমরা অন্ততপক্ষে জানতে চাই। এই অপরাধীদের আরও অপরাধ করতে বাধা দেওয়া উচিত।”
এর আগে গত মাসের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রায়না। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও চেন্নাই সুপার কিংসের হয়ে তার খেলার কথা ছিলো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে। কিন্তু হুট করেই আইপিএল না খেলে দেশে ফিরে এসেছেন রায়না।
নিউজক্রিকেট২৪/ এসএস
