নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘদিন মাঠের খেলা বন্ধ ছিল। আর দীর্ঘ এই বিরতির পর চলমান ইংল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরেছে পাকিস্তান দল। বিরতির পর মাঠে ফিরলেও এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তান দল। প্রথম দফায় তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে হারার পর টি-টোয়েন্টি সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। দলের এমন নাজুক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে মিসবাহ উল হকের কোচিং ভূমিকা নিয়ে।
মিসবাহ একাধারে বর্তমান পাকিস্তান দলের প্রধান নির্বাচক এবং প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। অনেক ক্রিকেট বোদ্ধাদের মতে একসঙ্গে দুটি প্রধান দায়িত্ব সামলানো কষ্টকর হয়ে পড়ছে মিসবাহ জন্য। ক্রিকেট বোদ্ধাদের মত সাবেক প্রধান কোচ এবং টেস্ট ব্যাটসম্যান মহসিন খানও এমনটাই মনে করছেন।
নিজের অভিজ্ঞতা এবং মিসবাহের বিষয়ে মহসিন বলেন, ‘আমাকে ২০১১ সালে অন্তর্বর্তীকালীন কোচ থাকার সময় প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় বোর্ড। এরপর আমি বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটকে বলেছিলাম প্রধান নির্বাচকের পদ থেকে আমাকে সরিয়ে দিতে। কারণ একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করা সম্ভব হতো না আমার। সে হিসেবে বলতেই পারি মিসবাহের উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে এখন, কেননা একার পক্ষে দুটো বড় দায়িত্ব পালন করা অনেক কঠিন।’
নিউজক্রিকেট/শাওন
