কোচের ভূমিকায় দেখা যাবে ধোনিকে

নিজস্ব প্রতিবেদক »

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় হুট করেই একটি ইন্সটাগ্রাম বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সর্বকালের সেরা অধিনায়ক এমএস ধোনি। ধোনির অবসরের ঘোষণায় থমকে যায় পুরো ক্রিকেট বিশ্ব। অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই হয়তো ক্রিকেটকে বিদায় বলবেন ধোনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় হয়তো আর দেরি করতে চান নি এমএস।

ভবিষ্যতে কি ক্রিকেটের সাথে যুক্ত থাকবেন ধোনি? এমন প্রশ্ন বিশ্বের সকল ক্রিকেট ভক্তদেরই। অনেকেই বলছেন হয়তো ধোনিকে আর ক্রিকেটে দেখা যাবে না। তবে ধোনির খুব কাছের একজন বন্ধু জানালেন ভবিষ্যতে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।

দেশের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কমের নিয়মিত লাইভ আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ এবং এমএস ধোনির কাছের বন্ধু শিব শঙ্কর পাল। সঞ্চালকের করা প্রশ্নের জবাবে ধোনির এই বন্ধু জানান, ‘ধোনিকে আমরা অবশ্যই কোচিংয়ে দেখবো। আর আমি এটা বিশ্বাস করি। ধোনি ইতিমধ্যেই তাঁর নিজের নামে একাডেমি করেছে এবং অবসর সময়টা একাডেমিতে কাটায়। আর যে মানুষটা ক্রিকেটটা এত ভালো বুঝে, স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে সবকিছু ভালো করে বুঝতে পারে সেই মানুষটা অবশ্যই ভবিষ্যতে কোচের ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমার সাথে যখন ধোনির কথা হয় তখন আমি ওর কথা শুনে বুঝতে পারি ক্রিকেটকে সে আরো অনেক কিছু দিতে চায়।’

শিব শঙ্কর পালের এমন কথায় ক্রিকেট ভক্তরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। এমএস ধোনির মত এমন একজন ক্রিকেটারদের কোচ হিসেবে দলে টানতে চাইবে যেকেউই।

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »