নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘদিন মাঠের খেলা বন্ধ ছিল। এবার সেই করোনা বিরতি কাটিয়ে আবার মাঠে ফিরেছে ক্রিকেট। মাঠে এখনই ক্রিকেট ফিরলেও ফেরেননি দর্শকেরা। কিছুদিন আগে কাউন্টির ম্যাচে করোনা বিরতির পর প্রথম দর্শক ঢোকার সুযোগ পেয়েছিল। ইংল্যান্ডের সেই উদ্যেগ দেখাদেখি এবার মাঠে দর্শকদের প্রবেশাধীকার দিতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
তাদের ঘরোয়া লিগ শাপেজা ক্রিকেট লিগের ম্যাচগুলো দর্শকদের দেখতে দেওয়ার অনুমতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড। বিবৃতিতে বলা হয়, ‘জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে দর্শকদের কাবুল ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের শাপেজা ক্রিকেট লিগের ম্যাচগুলি দর্শকদের দেখার অনুমতি দেওয়া হবে। যদিও দর্শকদের প্রবেশাধীকার সীমিত করে দেয়া হবে।’
তবে পুরো স্টেডিয়াম জুড়েই দর্শক থাকবে না, জানা গেছে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে।
সেপ্টেম্বরের ১৬ তারিখে শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সময়ে সূচী পরিবর্তন হয়ে এবারের আসর শুরু হবে ৬ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির ৭ম আসরের।
নিউজক্রিকেট/শাওন
