নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি বাধায় ফলাফল না এলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান বন্যায় ভাসলো ম্যানচেস্টার। ৫ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাবর আজম-ফাখার জামানের ব্যাটে দারুন শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতেই আসে ৭২ রান। ব্যক্তিগত ৩৬ রানে ফাখার আউট হলেও অভিজ্ঞ হাফিজের দূর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের স্বপ্ন দেখে পাকিস্তান।৪ ছক্কা ও ৫ চারে হাফিজ খেলেন ৩৬ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস। এছাড়া বাবর আজম করেন ৪৪ বলে ৫৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে বেয়ারস্টোর ঝড়ে পাওয়ারপ্লেতেই ৬৬ রান তুলে ইংলিশরা। দলীয় ৬৬ রানে সপ্তম ওভারে পরপর দু’বলে বেয়ারস্টো ও ব্যান্টনের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরায় শাদাব খান। তবে পাকিস্তানের সুখস্বপ্নটা যেনক সেখানেই শেষ! বাকিটা পথটা শুধু মরগান ঝড় আর মালানের দায়িত্বশীল ব্যাটেই সহজ হয়ে যায় ইংলিশদের জন্য। মরগান তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। শেষদিকে ৬৬ রানে মরগান ও মাত্র ৪ রানে মঈন আলীকে আউট করলেও বাকি কাজটা সহজেই সাড়েন ডেভিড মালান। মালান তুলে নেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫ম অর্ধশতক। ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। মালান অপরাজিত থাকেন ৫৪ রানে। পাকিস্তানের পক্ষে শাদাব খান ৪ ওভারে ৩৪ রানে ৩ টি ও হারিস রউফ নেন ৪ ওভারে ৩৪ রানে দুই উইকেট।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১লা সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।
নিউজক্রিকেট/এইচএএম
