পরিসংখ্যানের পাতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সেরা জয় গুলোর তালিকা করতে নিলে শততম টেস্টের জয়কে উপরের দিকেই রাখতে হবে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে মাঠে নামে বাংলাদেশ, সাকিব , তামিম সৈকতদের দুর্দান্ত ব্যাটিংয়ে সে ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ, তবে এই জয়টি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়। বিপরীতে শ্রীলঙ্কার জয় ১৬ টি।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রথম টেস্ট খেলে ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে। এরপর ২০১৮ সালে শেষবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হয় দুই দল। এরমধ্যে দুই দল টেস্ট খেলেছে ২০ টি, যা যেকোন দেশের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। ২০ টেস্টে ১৬ টি টেস্টই জিতে নিয়েছে লঙ্কানরা। আর বিপরীতে বাংলাদেশের জয় একটি, ড্র হয়েছে ৩ টি ম্যাচ।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৯ টি দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলে ৫ টিতেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ২০১৩ সালে গলে আশরাফুলের ১৯০ ও মুশফিকের ২০০ রানে ভর করে প্রথমবার রাজকীয় ড্র করে বাংলাদেশ। আর ২০১৭ তে শততম টেস্ট ম্যাচে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে প্রথমবার সিরিজ সমতা করে তাদের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ে বাংলার ঝান্ডা ছিলো মুশফিকুর রহীমের হাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮, আর বাংলাদেশের বিপক্ষে লংকানদের ৭৩০/৬। যেখানে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর ৬২ সেখানে লঙ্কানদের সর্বনিম্ন দলীয় স্কোর ২২২।

বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কুমার সাঙ্গাকারা। ১৫ ম্যাচে তার সংগ্রহ ১৮১৬ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আশরাফুলের ১০৯০। ১৩ ম্যাচ খেলে ৫ শতকে এই রান করেন আশরাফুল। অবাক করার বিষয় ক্যারিয়ারের ৬ টি শতকের ৫ টি শতকই শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন আশরাফুল। একমাত্র বাংলাদেশী হিসেবে লঙ্কানদের বিপক্ষে করেছেন হাজারেরও বেশি রান।

বল হাতে বাংলাদেশকে বেশি ভুগিয়েছেন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১১ ম্যাচ খেলে তার সংগ্রহ ৮৯ উইকেট । তিনি ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১১ বার , আর ম্যাচে ১০ উইকেট ৪ বার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ উইকেট শিকার সাকিবের। মাত্র ৭ ম্যাচে ২৯ উইকেট তুলেছেন সাকিব আল হাসান।

দুই দলের মুখোমুখিতে কুমার সাঙ্গাকারার ৩১৯ রানের ইনিংসটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২০০ রানের ইনিংসটি খেলেন গল টেস্টে মুশফিকুর রহিম। দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ জুটি ৩১১ রানের, এই জুটি গড়েন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে। বাংলাদেশের পক্ষে মুশফিক আশরাফুলের ২৬৭ রানের জুটিটি সর্বোচ্চ ।

বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। তবে পরিসংখ্যান তো সব সময় কাজে লাগে না, পরিসংখ্যানকে পিছনে ফেলে মাঠের পারফরম্যান্স। তাই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখতেই পারে ভালো কিছুর।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »