কাপালীর প্রথম হ্যাট্রিকের ১৭ বছর আজ

মারুফ ইসলাম ইফতি »

দেখতে দেখতে ১৭ বছর পার হয়ে গেল অলক কাপালীর সেই অবিশ্বাস্য কীর্তির। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে “অলক কাপালী” এই নামটি আজীবন লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ২০০৩ সালে আজকের এই দিনে বাংলাদেশকে প্রথম হ্যাট্রিকের স্বাদ দিয়েছিলেন এই লেগ স্পিন অলরাউন্ডার।

২০০৩ সালে আজকের এই দিনে পাকিস্তানের পেশোয়ারে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েছিলেন অলক। ইনিংসে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের ৫ম বলে ৮ রান করা সাব্বির আহমেদকে প্যাভিলিয়নে পাঠান তিনি। ওভারের শেষ বলে পাকিস্তানী লেগ স্পিনার দানিশ কেনেরিয়াকে এলবিডাব্লিউর ফাঁদে পেলে পরপর দুই বলে দুই উইকেট শিকার করে প্রথমবারের মতো টাইগারদের হ্যাট্রিকের স্বপ্ন দেখিয়ে সেই ওভারের সমাপ্তি করেন অলক।

ইতিহাস গড়ার লক্ষ্যে ও হ্যাট্রিকের সুযোগকে কাজে লাগাতে এক ওভারের বিরতির পর আবারো অলক কাপালীর হাতে বল তুলে দেন কাপ্তান খালেদ মাহমুদ সুজন। সর্বশেষ ওভারের শেষ দুই বলে দুই উইকেট লুপে নেওয়া অলকের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। এই ওভারের প্রথম বলে বিপরিত প্রান্তে থাকা ওমর গুলের উইকেট নিতে পারলেই রচিত হবে ইতিহাস! এমন সমিকরন নিয়ে পরের ওভারের প্রথম বল ছুড়েন অলক। অলকের ইতিহাস রচনার প্রথম বলটি ব্যাটসম্যান ওমর গুলকে পরাস্থ করে সরাসরি আঘাত হানে প্যাডে, সাথে সাথে জোরালো আবেদনে ফেটে পড়ে টাইগাররা। আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার যখন আঙুল তুলে জানান দিলো এটি আউট, ততক্ষনে রচিত হয়ে গেছে ইতিহাস। প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে হ্যাট্রিকের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। অবিশ্বাস্য ইতিহাস গড়া সেদিনের ১৭ বছর আজ। ১৭ বছর আগে ২০০৩ সালের আজকের দিনে অলক কাপালীর হাত ধরে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম হ্যাট্রিকের দেখা পায় বাংলাদেশ।

১৭ বছর আগে নিজের হাতে গড়া এই কীর্তির নিয়ে এখনকার অনুভুতি জানতে চাইলে নিউজক্রিকেট টোয়েন্টিফোরকে অলক কাপালী জানান, ‘অনুভুতি আসলে মুখে বলে বুঝানো সম্ভব না। সত্যি অনেক ভাল লাগে এমন একটি রেকর্ড করেছি এটা ভেবে। দেশের হয়ে প্রথম হ্যাট্রিক, এটি সারাজীবন থাকবে। মাঝে মাঝে ফিল করি, দেশের জন্য কিছু একটা করেছি। স্কুলের পরিক্ষার প্রশ্নেও মাঝেমাঝে এটি নিয়ে প্রশ্ন আসে, আর মানুষ যখন এগুলো আমাকে পাঠায় তখন সত্যিই অনেক গর্ব হয়। আরো ভাল লাগতো যদি দেশের ক্রিকেটকে আরো বেশি কিছু দিতে পারতাম। ভাগ্য আমার সহায় ছিল না বলে ক্যারিয়ারটা লম্বা হয়নি। যদি ক্যারিয়ারটা আরেকটু বড় করতে পারতাম আর দেশের জন্য আরো কিছু করতে পারতাম তাহলে আরো ভাল লাগতো। দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম হ্যাট্রিক আমি করেছি, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার।’

নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »