শচীনকে প্রথম দেখাতেই দশ বছর বয়স মনে হয়েছিলো ওয়ার্নের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম বার অস্ট্রেলিয়ার মাঠে শচীন টেন্ডুলকরকে শতরান করতে দেখে শেন ওয়ার্নের মনে হয়েছিল, ভারতীয় তারকার বয়স মাত্র ১০ বছর! সেটা ১৯৯১-’৯২ মৌসুমে। মজা করে এমনটাই বললেন কিংবদন্তি অস্ট্রেলীয় লেগস্পিনার।

১৯৯১-৯২ মরসুমে ভারতের বিরুদ্ধে ওই সিরিজেই অভিষেক হয়েছিল ওয়ার্নের। সিডনিতে তৃতীয় টেস্টে প্রথম বার তিনি বল করেন শচীনকে। সেই টেস্টে অসাধারণ ১৪৮ রানের ইনিংস খেলে ম্যাচ বাঁচিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তার ঠিক পরেই পারথের বাউন্সি উইকেটে আবার শতরান পান সচিন। তখন তাঁর বয়স ২১ বছর।

ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট সিরিজে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ওয়ার্ন বলেছেন, ‍‘‍যখন প্রথম শচীনকে দেখি, তখন ওর বয়স ২১। কিন্তু দেখতে ১০ বছরের ছেলের মতো লাগছিল। আমাদের সব বোলারকেই যথেষ্ট পিটিয়েছিল। এটাই হচ্ছে শচীনের বিশেষত্ব। যেখানে দেখতে লাগে অতি সাধারণ। কিন্তু খেলে অবিশ্বাস্য ভঙ্গিতে!’ ব্যাটসম্যান হিসেবে শচীন কেন অসাধারণ, বোঝাতে গিয়ে ওয়ার্ন আরও বলেছেন, ‍‘‍এই ধরনের ক্রিকেটাররা একটা ভাল বল পেলে তা ফিল্ডারের হাতে মেরে নষ্ট করে না। বরং দুই ফিল্ডারের ফাঁক দিয়ে তা সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করে। তাতে বোলাররা চাপে পড়ে যায়। শচীন সেটাই করতে।’ যোগ করেছেন, ‍‘‍এ ভাবে খেললে ব্যাটসম্যানেরা অনেক নির্বিষ বল পেয়ে থাকে। কিন্তু ব্যাটসম্যান যদি আক্রমণাত্মক না হয়ে উইকেট বাঁচায়, তা হলে বোলার মানসিক ভাবে শক্তিশালী হয়ে যায়। তখন উইকেটের যেখানে খুশি বল ফেলা যায়। বোলার ভাবে, এই ব্যাটসম্যান আর যাই করুক, তাকে মারবে না।’

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »