নিউজ ডেস্ক »
ভারতের বদলে এবারের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। সেপ্টেম্বরের ১৯ তারিখে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা এই ইভেন্ট। করোনার কারণে আয়োজন অন্যদেশে হলেও গ্যালারিতে কিছু দর্শক আসার অনুমতি দেয়ার কথা ভাবছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। যদিও শুরুতে দর্শক শুন্য গ্যালারিতে খেলা চলার কথা ছিলো।
এরই মধ্যে আইপিএলের দলগুলোর কাছে ত্রয়োদশ আসরের অবশ্য পালনীয় নিয়মগুলোর তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষরা। এবার তাই গ্যালারি নিয়ে ভাবছে আয়োজক দেশটি। তাদের ইচ্ছা, অল্প পরিমাণে হলেও গ্যালারিতে দর্শক রাখা হোক।
এ ব্যাপারে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান কর্তা মুবাশশির উসমানি বলেন, ‘আমাদের এখানে এশিয়ার অনেক মানুষ আছেন। তাছাড়া স্থানীয়রাও খেলাধুলা খুব ভালোবাসেন। আমরা চাচ্ছি, তারা যেন মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পান।’
উসমানি যোগ করেন, ‘আগে আমাদের ঠিক কী কী নিয়ম মেনে চলতে হবে, সে ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছি। এগুলোর মধ্যে মাঠে দর্শক প্রবেশের ব্যাপারটাও আছে। চূড়ান্ত অনুমতি পেলে আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনায় বসব। তাদের কাছে জানতে চাইব, বিসিসিআই কত সংখ্যক দর্শক মাঠে চায়।’
এদিকে বেশ আগেই দুবাই পৌঁছে গেছে আইপিএলের দুই দল রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। সেখানে গিয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে আছে দলগুলো। কলকাতা নাইট রাইডার্স উঠবে আবুধাবির একটি হোটেলে। অন্যান্য দলগুলোও শিগগিরই পৌঁছাবে বলে জানা গেছে।
নিউজক্রিকেট/আজহার
