পদত্যাগ করলেন ম্যাকেঞ্জি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আর ঠিক তার মাস খানেক আগেই বিপাকে পড়েছে তামিম-মুশফিকরা। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে নিজের নামকে সরিয়ে দিয়েছেন নিল ম্যাকেঞ্জি। দেশের জনপ্রিয় দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনই এক সংবাদ।

সেই প্রতিবেদনে লেখা রয়েছে, ‘পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ম্যাকেঞ্জি। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে সমকাল। পরবর্তী লঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দলের ব্যাটসম্যানদের কোচ হিসেবে দায়িত্ব নেবার কথা ছিল ম্যাকেঞ্জির। সেই মোতাবেক পরিকল্পনাও করে ফেলেছিল বিসিবি। শ্রীলঙ্কা সফরের ক্যাম্পে এই দক্ষিণ আফ্রিকান কোচকে চেয়েছিল বিসিবি। কিন্তু করোনার প্রভাবে পরিবার ছেড়ে আসা সম্ভব হচ্ছে না এই ব্যাটিং কোচের। প্রতিবেদনে লেখা হয়েছে, পরিবারকে সময় দিতে বিসিবির চাকরিটিই ছেড়ে দিলেন তিনি।’

এর আগে বিসিবির পরিচালক আকরাম খান ম্যাকেঞ্জির শ্রীলংকা সফরে যাওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘ম্যাকেঞ্জির এই সিরিজে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে আমাদের কথা বলতে হবে। দুই তিন দিনের ভেতরই বলতে হবে। সে যদি এই সফরে না যায় তাহলে এক রকম, আর বাংলাদেশের সঙ্গে না থাকলে সেটা অন্য রকম। এক্ষেত্রে আমরা বিকল্প ব্যাটিং কোচ নিয়োগ দেব। আমরা জানি ক্রেইগ ম্যাকমিলান এই মুহূর্তে কিছু করছেন না। সবকিছু পরিষ্কার হলে তার সঙ্গে আলোচনা হবে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »