নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারী করোনা ক্রিকেটকে মাঠের বাইরে পাঠিয়েছিল ৫ মাসের জন্য। তবে সব ভীতি পিছনে ফেলে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল । সামনের মাসে যাচ্ছে শ্রীলংকা সফরেও। তবে করোনা ভীতি কাটিয়ে সবার আগে মাঠে ফিরেছিল ইংল্যান্ড। তাই ইংল্যান্ডকে অনুসরণ করার পরামর্শ দিলেন কোয়াব সভাপতি ও বিসিবির হাই পারফরমেন্স টিমের চেয়ার্ম্যান নাইমুর রহমান দুর্জয়।
মাঠে ক্রিকেট ফিরলেও ঝুঁকি থেকেই যাচ্ছে, ঝুঁকি নিয়েই মাঠে নামছে ক্রিকেটাররা।কিন্তু ক্রিকেট যে মাঠে ফিরছে এতেই খুশি হাই পারফরম্যান্স দলের চেয়ারম্যান দুর্জয়। সাবেক এই অধিনায়ক মনে করেন যথাযথ নিয়মকানুন মেনে চললে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন দুর্জয়। খেলা শুরু করার সিদ্ধান্তটা উপযুক্ত হয়েছে বলেও মনে করেন তিনি।
গণমাধ্যমের সাথে আলাপকালে দুর্জয় বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু যতদিন এই মহামারীটা না যাবে বিশেষ করে সবাই ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে সেটা না আসা পর্যন্ত আমাদের এটা নিয়ে থাকতে হবে। যেহেতু অন্যান্য দেশ বিশেষ করে ইংল্যান্ড শুরু করেছে, চালিয়ে যাচ্ছে। তো ঐ প্রোটোকলটা ফলো করে আমরাও যদি খেলাটা চালাতে পারি তাহলে ভালো। কারণ প্লেয়াররা আর কতদিন বসে থাকবে। খেলাটা শুরু করারও প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো অপশন।’
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বলতে গেলে সাবেক এই অধিনায়ক বলেন, ‘চাপ, চ্যালেঞ্জ সবকিছুই থাকবে, আছে। এখনো বলা যাচ্ছে না। শ্রীলংকার অবস্থা ভালো দেখে আমরা চিন্তা করছি, আমরা যাওয়ার আগ পর্যন্ত যে এরকম থাকবে সেটারও কোন নিশ্চয়তা নেই। পরিস্থিতি বদলাচ্ছে। নিউজিল্যান্ড একদিন ঘোষণা দেয় কোভিড মুক্ত দেশ, তার পররে আবার দেখা যাচ্ছে সংক্রমিত রোগী পাওয়া যাচ্ছে। সুতরাং একটা বড় কনফিউশনও থাকে।’
আগামী মাসে জাতীয় দলের সঙ্গে লঙ্কা সফরে যাচ্ছে জাতীয় দলের এইচপি ইউনিট। সেখানে জাতীয় দলের সাথে একসাথে অনুশীলন করবে তারা, তাদের অবস্থানও হবে একই হোটেলে । এই সফরে এইচপি দল জাতীয় দলকে ব্যাকাপ দেওয়ার পাশাপাশি শ্রীলংকা এইচপি দলের বিপক্ষে ম্যাচও খেলবে। এবারের এইচপি দলের ২৬ জনের মধ্যে ১৩ জনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ।
নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান।
