নিউজ ডেস্ক »
করোনায় দীর্ঘদিন ধরে স্থবির দেশের সব ধরনের ক্রিকেট। সেপ্টেম্বরে জাতীয় দল শ্রীলঙ্কা সফরে গেলেও দেশের মাটিতে কবে নাগাদ ক্রিকেট ফিরবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আয়োজন নিয়ে শঙ্কা দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি তিনি মনে করেন দেশের বাইরেও এই ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজন বড় চ্যালেঞ্জিং। করোনার শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিবির এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
করোনার কারণে প্রায় দেশেই এখনো শুরু হয়নি ক্রিকেট। আইপিএল কয়েক দফা পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে। সে হিসেবে বিপিএল আয়োজিন করলে বিদেশী খেলোয়াড় আসবেন কিনা সেটিও বড় একটি বিষয় তার মধ্যে করোনা পরিস্থিতিও ভাবাচ্ছে বিসিবিকে।
এ প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘এটা খুবই কঠিন। বাংলাদেশে? আমার মনে হয় না! দেখুন, আইপিএলের মত খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না; প্রথম দিকে তো না-ই। কে কে আসতে পারবে নিশ্চয়তা নেই।’
করোনার প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন বেশ চ্যালেঞ্জের। সেই সাথে করোনা নেগেটিভ থাকার পরেও যেকোনো খেলোয়াড়ই আক্রান্ত হতে পারেন। এতে সমস্যা বাড়বেই।
পাপন বলেন, ‘আজকে আমি নেগেটিভ করে ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে দেখবেন পজিটিভ হচ্ছে। আমি আজকে নেগেটিভ আছি, কিন্তু কালকে যে পজিটিভ হবো না- এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।’
‘এখন বলা হচ্ছে এয়ারবোন, ভাইরাসটি নাকি বাতাসেও থাকতে পারে। লিফটে, গাড়িতে থাকতে পারে, দরজা দিয়ে ঢুকতে পারে। এটার এত বেশি সম্ভাবনা যে কোনো নিশ্চয়তা নাই যে কারও এখন নেই বলে সামনে হবে না। কাজেই নিশ্চয়তা যেহেতু নেই আমাদের যথেষ্ট সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে।’
পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লীগ কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল আয়োজন নিয়ে রয়েছে বেশ শঙ্কা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে হয়তো বাতিল হতে পারে বিপিএলের পরবর্তী আসর।
নিউজক্রিকেট২৪/ এইচএএম
