নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে অবস্থান করছে বাংলাদেশ দল। তবে আশার আলো হিসেবে উঁকি দিয়েছে শ্রীলঙ্কা সফর। ইতিমধ্যেই বাংলাদেশ শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয়ে গিয়েছে। সব পরিবেশ অনুকূলে থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর লঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে ফিরে পেতে সব ধরণের চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিসিবি। সাকিবকে আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার তারিখ শেষ হবে ২৮ অক্টোবর।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি আশাবাদী রয়েছেন শ্রীলঙ্কা সফর দিয়েই ক্রিকেট ফিরবেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হলেই সাকিবকে দলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এসব ব্যাপারে সাকিবের সঙ্গে ফোনে তার কথাও হয়েছে। শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন,”তার সঙ্গে কি কথা হলো এটা বলবো না। শুধু এটা বলবো, সাকিবের নিষেধাজ্ঞা যখনই, যেদিন উঠে যাবে তার পরেই সে আমাদের সাথে খেলতে পারবে। সে যখন মুক্ত হবে তখন থেকেই সে খেলতে পারবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অধীর আগ্রহে বসে আছি সে কবে আসবে। কিন্তু এটার সঙ্গে তার ফিটনেস এবং অন্য জিনিসগুলো অন্যগুলোও জড়িত।”
এর আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টিকরাপশন ইউনিটকে না জানানোর দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। তার নিষেধাজ্ঞা শেষ হতে এখনো ৭৪ দিন বাকি রয়েছে।
নিউজক্রিকেট২৪/এসএস
