নিউজ ডেস্ক »
সাউথহ্যাম্পটন টেস্টে বৃষ্টি বাধায় দু’দিন গেলেও খেলা হয়েছে মাত্র ৮৬ ওভার। রিজওয়ানের ফিফটিতে ৯ উইকেটে ২২৩ রান নিয়ে দিনশেষ করে সফরকারীরা। বৃষ্টি বাধায় দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৪০.২ ওভার।
প্রথম দিনের করা ৫ উইকেটে ১২৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। বৃষ্টি বাধায় প্রায় দেড় ঘন্টা দেরীতে শুরু হয় খেলা। প্রথম সেশনে অনেকটা ধীর গতিতে রান তুললেও উইকেট হারাননি বাবর আজমরা। তবে লাঞ্চের
পরেই দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। ব্যক্তিগত ৪৭ রানে বাবর আজম কে ফেরান ব্রড। এরপরই এন্ডারসনের বলে ইয়াসির শাহ ও শূন্য রানে শাহিন শাহ রান আউট হলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৭৬ রান।
একপ্রান্তে উইকেট পড়লেও আরেক প্রান্তে মাটি কামড়ে পড়ে থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নবম উইকেটে আব্বাসের সাথে ৩৯ রানের জুটির পথে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। দলীয় ২১৫ রানে আব্বাসকে লেগ বিফোরের ফাঁদে আটকে ব্রড তুলে নেন নিজের তৃতীয় উইকেট। এরপর বৃষ্টি ও খারাপ আবহাওয়ায় খেলা আর মাঠে না গড়ালে ৯ উইকেটে ২২৩ রান নিয়ে দিনশেষ করে সফরকারীরা।
মোহাম্মদ রিজওয়ান ৬০ ও নাসিম শাহ ১ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে ব্রড ও এন্ডারসন দু’জনে নিয়েছেন ৩টি করে উইকেট।
নিউজক্রিকেট/এইচএএম
