নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মনে করেন তিনটা বিশেষ জিনিস বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে দিয়েছে এবং এখন বিশ্বমানের ক্রিকেট খেলার পেছনে সেই তিনটা জিনিসের অবদান সবচেয়ে বেশি। আমিনুল ইসলাম বুলবুলের মতে বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা, বাংলাদেশ সরকারের সহযোগিতা এবং ঘরোয়া ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে।
জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কমের লাইভ আড্ডায় অতিথি হয়ে আসা বুলবুল তাদের সময়কার ক্রিকেটের স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে বলেন আজ বাংলাদেশ ক্রিকেট একটা পর্যায়ে এসেছে সেই তিন বিশেষ জিনিসের কারণে। তিনি বলেন, ‘গতকালও আমি আইসিসির একটি ফোরামে বলেছি বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে এসেছে তিনটা বিশেষ কারণে। আর এই তিন কারণগুলো হলো এদেশে ক্রিকেটের জনপ্রিয়তা, সরকারের সহযোগিতা এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। যদিওবা বর্তমান সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান অতটা ভালো না।’
এছাড়াও তাদের সময়ে ঘরোয়া ক্রিকেটের মান ও জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন তিনি। সঞ্চালকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও ঘরোয়া ক্রিকেট খেলাটা বেশি কঠিন মনে হতো। ঢাকা লীগের একটা সিজনে ৫৪ জন বিদেশি ক্রিকেটার খেলতে এসেছিলেন৷ আমার এখনো সেই সময়টা মনে পড়ে। এছাড়া আবাহনী-মোহামেডান খেলা নিয়ে থাকতো চরম উত্তেজনা৷ ম্যাচ শেষে জিততে পারলে মাথায় করে মোহামেডান ফ্যান ক্লাবে নিয়ে যাওয়া হতো। আর ম্যাচ হারলে রাত নয়টা পর্যন্ত ড্রেসিংরুমে বসে থাকা লাগতো।’
নিউজক্রিকেট/দুর্জয়
