নিউজ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের দেখা পেতে হলে তরুণদের প্রতি অস্ট্রেলিয়ার কোচ এবং কিংবদন্তি ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গারের পরামর্শ ছিলো, ‘সোশ্যাল মিডিয়া ছাড়ো, নিজের খেলায় মনোযোগ দাও’ ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিভিন্নভাবে নিগৃহীত হওয়ার ঘটনায় এমন পরামর্শ দিয়েছেন অজি কিংবদন্তি।
তিনি বলেন, যদি কোনো তরুণকে আমি পরামর্শ দিতে চাই কিংবা দিতে বলা হয়। আমি একটা কথাই বলবো ‘জিরো সোশ্যাল মিডিয়া’।
ল্যাঙ্গারের কথা পরিষ্কার, আমি এমন কথা বলছি, কারণ আমার খেলা আমাকে মূল্যায়ন করতে হবে। আমি নিশ্চয়ই একজন অপরিচিত মানুষকে নিজের পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ দিবো না। যদি আমি ভালো খেলি তাহলে আমি বুঝবো, যদি খারাপ খেলি তাহলেও আমাকে বুঝতে হবে। অন্য কাউকে আমি সুযোগ দিবো না আমি কেমন সেটি বলার।
‘পরিবার-বন্ধু কিংবা যাদের সঙ্গে আমি খেলি কেবল তারাই আমার খেলা নিয়ে কথা বলবে। এবং কেবল তাদের কথাই আমি শুনবো।’
মূলত সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের তরুণ পেসার জোফরা আর্চারের ঘটনায় এসব কথা বলেন অজি কোচ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সটাগ্রামে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন আর্চার। এর আগে বিশ্বকাপ চলাকালীনও বর্ণবৈষম্যের শিকার হন তিনি।
ল্যাঙ্গার জানান, বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সমালোচনার প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, তারা এমন মানুষদের সমালোচনা করে যারা মাঠে কঠোর পরিশ্রম করে। তারা যা তা বলে বেড়ায়। এটা খুবই দুঃখজনক একইসঙ্গে হাস্যকর ব্যাপারও বটে।
নিউজক্রিকেট/আজহার
