নিউজ ডেস্ক »
জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবারে হতে যাচ্ছেন জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ’র শুভেচ্ছদূত। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আলাপ আলোচনা চলছে চলতি এই সপ্তাহ কিংবা এক মাসের ভেতর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে ইউনিসেফ।
গতকাল বৃহস্পতিবার ইউনিসেফের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনিসেফের ঐই কর্মকর্তা জানান, ‘মুশফিকের সঙ্গে আমাদের মাস দুয়েক যাবৎ কথা হচ্ছে। উনি আমাদের সঙ্গে শুভেচ্ছদূত হিসেবে যোগ দিবেন। দাপ্তরিক কার্যাদি শেষ করে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণাটি দিব। কাউকে শুভেচ্ছাদূত মনোনিত করতে গেলে আমাদের বেশকিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হয়। তার বায়োডাটা, ব্যাকগ্রাউন্ড তৈরী করে আমাদেরকে সদরদপ্তর পাঠাতে হয়। সদর দপ্তর ওটা দেখে ‘গো অ্যাহেড’ দিলে পরে তারপরে আমরা ঘোষণা দেই। এখন আমাদের প্রাথমিক পর্যায়ের আলাপ আলোচনা চলছে।’
সে কর্মকর্তা আরো বলেন, ‘মুশফিক কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিচ্ছেন সেটা এখনই বলা যাচ্ছে না। এমন হতে পারে এক সপ্তাহ লাগতে পারে আবার এক মাসও লাগতে পারে।’
এর আগে সর্বপ্রথম সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ছিলেন ইউনিসেফের শুভেচ্ছাদূত। এরপর মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান যোগ দিয়েছিলেন ইউনিসেফ’র শুভেচ্ছাদূত হিসেবে। সর্বশেষ ৪র্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইউনিসেফের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মুশফিক।
নিউজক্রিকেট/শাওন
